আধার কার্ডে নাম পূজা দাস, পিতা সুমন দাস, গুয়াহাটি বিমানবন্দরে আটক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তরুণী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভুয়ো আধার কার্ড ব্যবহার করে বিমানে ওঠার চেষ্টা করতে গিয়ে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়লেন এক বাংলাদেশি তরুণী। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ধৃত তরুণীর নাম তিশা (২৪)। বাড়ি বাংলাদেশের ঢাকার নারায়ণগঞ্জে। গত ১৬ জুন বিকালে গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে বিমানে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল সে। সেই সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের (CISF) সন্দেহ হওয়ায় তার পরিচয়পত্র ও অন্যান্য নথি পরীক্ষা করা হয়।
তদন্তে উঠে আসে, তরুণী যে আধার কার্ডটি ব্যবহার করছিলেন সেটি ভুয়ো। ওই কার্ডে তাঁর পরিচয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা ‘পূজা দাস’ নামে দেখানো হয়েছিল। কার্ডে পিতার নাম সুমন দাস উল্লেখ করা হয়েছিল। প্রাথমিক যাচাইয়ের পর নিরাপত্তাকর্মীরা নিশ্চিত হন যে আধার কার্ডটি জাল।
জিজ্ঞাসাবাদে ধৃত তরুণী দাবি করেছেন, তিনি ত্রিপুরার আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করার পর বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেন।
ঘটনার পর তাকে আটক করে বর্ডার ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। কীভাবে জাল আধার কার্ডটি তৈরি করা হয়েছিল এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির সঙ্গে একটি বড় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।
নিরাপত্তা সংস্থাগুলি ধৃত তরুণীর মোবাইল ফোন, যোগাযোগের সূত্র এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ শুরু করেছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও জাল নথি তৈরির চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে।
এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলেছে, কীভাবে ভুয়ো পরিচয়পত্রের সাহায্যে অবৈধভাবে ভারতে প্রবেশকারীরা দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের চেষ্টা করছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে নিরাপত্তা মহল।


