১৮ বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড তৈরিতে নিষেধাজ্ঞা অসমে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবৈধ অনুপ্রবেশ রুখতে আরও কড়া পদক্ষেপ নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার ঘোষণা করেছেন, ১৮ বছরের বেশি বয়সিদের আর সরাসরি আধার কার্ড দেওয়া হবে না। বিশেষ ক্ষেত্রে জেলা শাসকের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে আধার কার্ড ইস্যু করা হবে।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমে আধার কার্ড প্রদানের হার প্রায় সম্পৃক্তির পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিছু জেলায় আধারধারীর সংখ্যা ১০০ শতাংশেরও বেশি হয়ে গেছে। ফলে অতিরিক্ত আধার কার্ড কারা পাচ্ছেন, তা খতিয়ে দেখা জরুরি।
হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল যাতে কোনও অবৈধ বাংলাদেশি নাগরিক আধার কার্ড সংগ্রহ করতে না পারেন। তবে চা-জনজাতি, তফসিলি জাতি (এসসি), তফসিলি জনজাতি (এসটি) এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে আপাতত ছাড় থাকবে, কারণ এই সম্প্রদায়ের অনেকেই এখনও আধার কার্ড পাননি।
মুখ্যমন্ত্রী জানান, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে এই ছাড়ও প্রত্যাহার করা হবে। ওই তারিখের পর ১৮ বছরের ঊর্ধ্বে এই সম্প্রদায়গুলির সদস্যরাও নতুন আধার কার্ড পাবেন না। তবে ১৮ বছরের কম বয়সিদের জন্য আধার কার্ড ইস্যু স্বাভাবিকভাবেই চলবে।
এর আগেও অসম সরকার প্রাপ্তবয়স্কদের আধার কার্ড প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ম চালুর ইঙ্গিত দিয়েছিল। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) হালনাগাদের সময় অসমে ৯ লক্ষেরও বেশি মানুষের বায়োমেট্রিক তথ্য আটকে দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালে কেন্দ্র সরকার সেই বায়োমেট্রিক তথ্য আনলক করার সিদ্ধান্ত নেয়, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন।
এদিকে, মন্ত্রিসভা বৈঠকে অসমে ভিজিবল ভিলেজ (VB-G RAM G) আইন কার্যকর করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে এই কাঠামো রাজ্যে কার্যকর হবে।

