ধর্নার দ্বিতীয় দিনে ধর্নামঞ্চে গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রর বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার থেকে দুদিনের ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চে এসে তাঁকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন ছাত্র-যুবরা। মুখ্যমন্ত্রীও তাদের সঙ্গে গলা মেলাচ্ছেন। মাইক নিয়ে তাঁকে গাইতে শোনা গেল, ‘‘বাংলার মাটি…’’। এরপর গাইলেন, ‘‘এ বার তোর মরা গাঙে…’’।
বৃহস্পতিবার ধর্নার শেষ দিনে সকাল ৯টায় ধর্না মঞ্চে আসেন মমতা। রাতে মঞ্চের পর্দা টেনে দেওয়া হয়েছিল। রাতে যারা ছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের মধ্যে মহিলারা মঞ্চের উপর এবং পুরুষরা মঞ্চের নীচে ছিলেন। রাতে মঞ্চ থেকে নীচে নেমে দলের নেতা এবং সদস্যদের সঙ্গে গানও গান মমতা। পাশাপাশি, উপস্থিত নেতাকর্মীদের নিজের রাজনৈতিক জীবনের নানান গল্পও শোনান মমতা।
দ্বিতীয় দিনে ধর্না মঞ্চে রয়েছেন, মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদা, সাংসদ দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, জয়প্রকাশ মজুমদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষ, তৃনাঙ্কুর ভট্টাচার্য সহ প্রমুখ নেতা-মন্ত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ অবধি চলবে এই ধর্না।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
