Leander Paes: বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes) আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন বিজেপিতে। মঙ্গলবার দুপুরে দিল্লিতে দলের সদর দফতরে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি।
লিয়েন্ডারকে স্বাগত জানান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, ‘এটি শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাঁর কথায়, “লিয়েন্ডার পেজ পশ্চিমবঙ্গের গর্ব। তাঁর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদের দলে যোগদান আমাদের শক্তি আরও বাড়াবে।”
সুকান্ত আরও উল্লেখ করেন, ‘বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে লিয়েন্ডারের গভীর সম্পর্ক রয়েছে। লিয়েন্ডার শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। বহু তরুণ-তরুণী তাঁর খেলা দেখে টেনিসে আগ্রহী হয়েছেন।’
রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান বিজেপির পক্ষে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। সুকান্ত মজুমদারের দাবি, ‘লিয়েন্ডারের উপস্থিতি ভোটের ময়দানে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দলের পক্ষে জনসমর্থন বাড়াতে সাহায্য করবে।’
অন্যদিকে, বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ বলেন, “আজ আমার জীবনের একটি বিশেষ দিন। ৪০ বছর দেশের হয়ে খেলেছি। এবার দেশের সেবায় নতুন ভূমিকা নেওয়ার সুযোগ পেয়েছি। পশ্চিমবঙ্গে জন্ম হলেও কেরিয়ারের শুরুতে পর্যাপ্ত টেনিস পরিকাঠামোর অভাব ছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হলেও ক্রীড়া প্রশিক্ষণ ও পরিকাঠামো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে।”
রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন লিয়েন্ডার পেজ। তাঁর এই পদক্ষেপে বাংলার রাজনীতিতে কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।


