Monday, April 13, 2026
Latestদেশ

অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর, ৫ লাখ কোটি বিনিয়োগ, লাভ জিহাদ- ভূমি জিহাদ বিরোধী কঠোর আইন, অসমে বিধানসভা ভোটে ৩১টি প্রতিশ্রুতি বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় প্রতিশ্রুতির ঝুলি খুলল বিজেপি। ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করা থেকে শুরু করে ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইন—সব মিলিয়ে কড়া রাজনৈতিক বার্তা দিয়েই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল দল।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ (Nirmala Sitharaman) গুয়াহাটিতে ইস্তাহার প্রকাশ করেন। তিনি জানান, ‘বিজেপি ফের ক্ষমতায় এলে ৩ মাসের মধ্যেই অসমে UCC কার্যকর করা হবে। তবে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ও উপজাতি অঞ্চল এই আইনের আওতার বাইরে থাকবে।’

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) স্পষ্ট করে বলেন, “লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।” পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসনকে আরও ক্ষমতা দেওয়া এবং উচ্ছেদ অভিযান জোরদার করার কথাও জানানো হয়েছে।

ইস্তাহারে অর্থনৈতিক দিকেও বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। রাজ্যকে দেশের “পূর্বাঞ্চলের প্রবেশদ্বার” হিসেবে গড়ে তুলতে ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আগামী পাঁচ বছরে ২ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দল।

শিল্পক্ষেত্রেও বড় পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। মরিগাঁওয়ে টাটা ইলেকট্রনিক্সের (Tata Electronics) সেমিকন্ডাক্টর প্রকল্পের কথা তুলে ধরে সীতারামন জানান, ২৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে প্রতিদিন ৪৮ মিলিয়ন চিপ উৎপাদনের সম্ভাবনা রয়েছে এবং এতে ২৫-২৭ হাজার কর্মসংস্থান তৈরি হবে।

কল্যাণমূলক প্রকল্পেও জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। ‘অরুণোদয়’ প্রকল্পে আর্থিক সহায়তা বাড়িয়ে ধাপে ধাপে ১,২৫০ টাকা থেকে ৩,০০০ টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা’ প্রকল্প সম্প্রসারণ করে ৪০ লক্ষ ‘লখপতি বাঈদেউ’ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

বন্যা নিয়ন্ত্রণে প্রথম ধাপে ১৮ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে “ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান মেডিক্যাল কলেজ, ওয়ান ইউনিভার্সিটি, ওয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ” মডেল চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে সীতারামন দাবি করেন, ‘বিজেপি আমলে রাজ্যে নিরাপত্তা ও কল্যাণ প্রকল্পে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল এক দফায় অসমে ভোটগ্রহণ হবে এবং ৪ মে ভোটগণনা। নির্বাচনের আগে বিজেপির এই ইস্তাহার রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলল।