Friday, April 10, 2026
Latestরাজ্য​

Kanai Chandra Mondal: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নবগ্রামের বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নবগ্রামের বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার কলকাতার হেস্টিংসে বিজেপির রাজ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

কানাই চন্দ্র মণ্ডলের রাজনৈতিক জীবন বেশ ঘটনাবহুল। ২০১১ সালে সিপিএমের টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। সেই সময় কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে বিধানসভায় প্রবেশ করেন। ২০১৬ সালেও সিপিএমের প্রার্থী হিসেবে জয়ী হন। পরে রাজনৈতিক অবস্থান বদলে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দেন, যেখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘ঘাসফুল’ প্রতীকে লড়ে জয়ের ধারা বজায় রাখেন।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস নবগ্রাম কেন্দ্রে তাঁকে প্রার্থী না করায় দলবদলের জল্পনা জোরদার হয়। তাঁর পরিবর্তে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাসকে প্রার্থী করে শাসক দল। প্রার্থীপদ ঘোষণার পর থেকেই দলের সঙ্গে কানাই মণ্ডলের দূরত্ব স্পষ্ট হতে থাকে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবগ্রামের জনসভাতেও তাঁর অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তোলে।

এরই মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে পুরনো রাজনৈতিক সহযোদ্ধা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন কানাই মণ্ডল। এই যোগদানের ফলে নবগ্রাম বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজেপিতে যোগ দেওয়ার পর কানাই মণ্ডল জানান, “এলাকার মানুষের স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছি।” যদিও তাঁর এই দলবদল তৃণমূলের ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখনই স্পষ্ট কিছু বলা না গেলেও, নির্বাচনের আগে এই ঘটনা যে রাজনৈতিক উত্তাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।