Friday, April 10, 2026
Latestরাজ্য​

কালিয়াচক কান্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮ জন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মালদহের মোথাবাড়ির কালিয়াচক কাণ্ডে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বৃহস্পতিবার আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।

বুধবার মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের সুজাপুর ও মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে তীব্র বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ মানুষজন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা ধরে আন্দোলন চালান। পাশাপাশি বিডিও অফিস ঘেরাও করা হয় এবং জুডিশিয়াল অফিসার তথা বিচারকদের আটকে রাখার অভিযোগও সামনে আসে।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি বিক্ষোভরত জনতার উপর চালিয়ে দেওয়া হয়, যার জেরে বেশ কয়েকজন সাধারণ মানুষ গুরুতর আহত হন।

ঘটনার পরেই রাতভর অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। যদিও শাহজাহান আলি কাদরি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না; অন্য একটি গ্রামে জলসায় ছিলেন।

বর্তমানে মোথাবাড়ি ও কালিয়াচক এলাকায় পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।