IPL স্থগিত, BCCI-র ক্ষতি ২৫০০ কোটি
মুম্বাই: করোনার সেকেন্ড ওয়েভে শোচনীয় অবস্থা ভারতের। আগেকার সব রেকর্ড টপকে গিয়ে নতুন করে আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নয়া নয়া রেকর্ড তৈরি হচ্ছে। মৃত্যুমিছিল অব্যাহত। শ্মশানের বাইরে মৃতদেহের সারি। হাসপাতালগুলোতে বেড নেই। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু। এসবের মাঝেই সুরক্ষিত জৈব বলয়ে অনুষ্ঠিত হচ্ছিল আইপিএল। তবে সেখানেও হানা দিল করোনা। যার জেরে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।
২৪ দিনে ২৯ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরে আইপিএল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করায় বিপুল আর্থিক ক্ষতির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই আর্থিক ক্ষতির পরিমাণ ২,০০০ কোটি থেকে ২,৫০০ কোটি টাকা। আইপিএল স্থগিত হওয়ায় সম্প্রচারকারী সংস্থা ও বিজ্ঞাপনদাতাদের থেকে কম টাকা পাবে বিসিসিআই।
জানা গিয়েছে, সম্প্রচারকারী সংস্থা ও বিজ্ঞাপনদাতাদের থেকে এই বছর এর অর্ধেক বা তারও কম টাকা পাবে বিসিসিআই। সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোটর্সের কাছ থেকে বছরে ৩২৬৯.৪ কোটি টাকা (ম্যাচ প্রতি ৫৪.৫ কোটি) পাওয়ার কথা বোর্ডের। কিন্তু এবার আইপিএলের ৬০টি ম্যাচ না হওয়ায় অনেক কম টাকা পাবে বোর্ড।
বিপুল আর্থিক ক্ষতি সম্পর্কে বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানান, আমরা প্রায় ২০০০ থেকে ২৫০০ কোটি টাকার মতো লোকসানের মুখোমুখি হতে চলেছি। আরও সঠিকভাবে বলতে গেলে ক্ষতির পরিমাণ ২২০০ কোটি টাকার আশেপাশে হবে। এই পরিস্থিতিতে স্পনসররা কেমন কি অর্থ দেবে, সে সম্পর্কে কোনও ধারণা নেই।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

