‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে’, চিনকে কড়া জবাব ভারতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম পরিবর্তন করে জায়গাগুলিকে নিজেদের বলে দাবি করেছে চিন। এরপরেই মঙ্গলবার কড়া প্রতিক্রিয়া দিল ভারত। চিনের দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি সাফ বলেছেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।’
চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস প্রতিবেদনে দাবি করে, অরুণাচল প্রদেশের দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ এবং দুটি নদীর ভৌগলিক অবস্থান চিনের। ওই গোটা এলাকাকে জাংনান বা ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে উল্লেখ করেছে চিন সরকার।
এরপরেই কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাফ বলেছেন, ‘আমরা এই ধরনের রিপোর্ট আগেও দেখেছি। চিন এর আগেও এমন অনায্য দাবি করেছে। আমরা তাদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করছি। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। নাম পাল্টে দিলেই এই বাস্তবতার পরিবর্তন হবে না।’

