Friday, May 1, 2026
FEATUREDLatestরাজ্য​

জওয়ানের ধাক্কায় বুথে মৃত্যু হয়নি বৃদ্ধের, দেখুন CCTV ফুটেজ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটপর্ব মোটের ওপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলেও, এক বৃদ্ধ ভোটারের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। হাওড়ার উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে ৮২ বছর বয়সি পূর্ণ চন্দ্র দলুইয়ের মৃত্যু ঘিরে শাসকদল ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কাতেই ওই বৃদ্ধ মাটিতে পড়ে যান এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। এই অভিযোগ সামনে এনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী সাধারণ ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং এই ঘটনাকে ‘নির্মম সহিংসতা’র উদাহরণ হিসেবে তুলে ধরেন। এমনকী তিনি কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির ‘ব্যক্তিগত বাহিনী’ বলেও কটাক্ষ করেন।

তবে নির্বাচন কমিশন এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। কমিশনের তরফে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভোটকেন্দ্রের বাইরে স্বাভাবিকভাবেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং সেখানে কোনও রকম ধাক্কাধাক্কির দৃশ্য ধরা পড়েনি। একইভাবে, বুথের ভেতরের ফুটেজেও দেখা যায়, পূর্ণ চন্দ্র দলুই আচমকাই অসুস্থ হয়ে পড়ে যান, তাঁকে কেউ ধাক্কা দেননি।

নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কমিশনের তরফে এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি সিএপিএফ জওয়ানদের ভূমিকার প্রশংসাও করা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। একদিকে শাসকদল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়েছে, অন্যদিকে নির্বাচন কমিশন ‘প্রমাণ’ হিসেবে সিসিটিভি ফুটেজ সামনে এনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। কমিশনের বক্তব্য, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সত্যের ওপর নির্ভর করতে হবে, ভীতি প্রদর্শনের ওপর নয়।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে ভোটের আগে, ভোটকালীন এবং ভোট পূর্ববর্তী ব্যাপক হিংসার ছবি দেখে গেছে পশ্চিমবঙ্গে। এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ। প্রশ্ন উঠছে, তৃণমূল কী ভুয়ো তথ্য ছড়িয়ে অশান্তি পাকানোর ছক কষছে?