দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ৪টির মধ্যে ৩টি পদে ABVP-র জয়, ইতিহাস গড়লেন নির্দল প্রার্থী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU) নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ২০ দফা ভোট গণনা শেষে চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে জয় পেয়েছেন এবিভিপির প্রার্থীরা।
প্রেসিডেন্ট পদে এবিভিপির যশ দাবাস ২৪,৫৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী NSUI-এর বিজয় শঙ্কর মীনা পেয়েছেন ২২,৫২৩ ভোট। সেক্রেটারি পদে ২১,৬৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন রিয়া ছাওড়ি। জয়েন্ট সেক্রেটারি পদে ১৬,৬১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন লক্ষ্ম্য রাজ সিং।
অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন। প্রাক্তন NSUI সদস্য দীপাংশু ৩০,৬১৫ ভোট পেয়েছেন। এই পদে এবিভিপির ইশু মৌর্য ১৬,৯১০ ভোট এবং NSUI-এর বীর ছত্রথ পেয়েছেন ৪,৩১৩ ভোট।
ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বা বাইরে বিজয় মিছিল না করার নির্দেশ দেয়। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সমস্ত পড়ুয়ার জন্য হস্টেলের প্রতিশ্রুতি যশ দাবাসের
DUSU-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট যশ দাবাস জানান, তাঁর মেয়াদে সমস্ত পড়ুয়ার জন্য হস্টেলের ব্যবস্থা করাই তাঁর প্রধান অগ্রাধিকার হবে। DUSU নির্বাচন নিয়ে NSUI-এর তোলা কারচুপির অভিযোগ নিয়েও তিনি বক্তব্য রাখেন।
‘Gen Z পড়ুয়াদের বোকা বানানো যায় না’, বললেন দীপাংশু
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট দীপাংশু শোকিন Gen Z পড়ুয়াদের সচেতনতা নিয়ে কথা বলেন। তাঁর দাবি, নতুন প্রজন্ম এখন অনেক বেশি সচেতন এবং তাদের সহজে বোকা বানানো যায় না। পড়ুয়াদের জন্য সৎভাবে কাজ করার কথাও জানান তিনি।
সত্যা নিকেতন (Satya Niketan) ঘটনার প্রসঙ্গও তোলেন দীপাংশু। সেখানে প্রাণ হারানো ব্যক্তিদের জন্য ন্যায়বিচারের দাবিতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত জুতো না পরার কথাও বলেন তিনি।
মহিলা নিরাপত্তাকে অগ্রাধিকার রিয়া ছাওড়ির
DUSU-এর নবনির্বাচিত সেক্রেটারি রিয়া ছাওড়ি জানান, তাঁর মেয়াদে মহিলা পড়ুয়াদের নিরাপত্তা তাঁর প্রধান অগ্রাধিকার হবে। তরুণ পড়ুয়াদের হতাশ না হয়ে নিজেদের লক্ষ্যের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
রিয়া জানান, এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে গিয়েছিলেন। তবে চেষ্টা চালিয়ে যান এবং এবার DUSU নির্বাচনে সেক্রেটারি পদে জয় পেয়েছেন।

