Sunday, September 20, 2026
কলকাতা

মাদক পাচার ও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশি যুবককে ১২ বছরের কারাদণ্ড দিল আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মাদক পাচার এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করার মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়ার এনডিপিএস বিশেষ আদালত। অভিযুক্ত মহম্মদ মুজাহিদ মিয়াকে (২৬) পৃথক ধারায় মোট ৩টি সাজা দিয়েছেন আদালত।

এনডিপিএস আইনের ২০(বি)(ii)(বি) ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একই আইনের ২১(সি) ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সাধারণ কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।

এছাড়াও আইপিপি আইনের ৩ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৪ মার্চ বিকেল প্রায় ৪টা ১০ মিনিট নাগাদ এনসি নগর বিওপির বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের বিপি নম্বর ২০৮১/২-এস সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মুজাহিদ মিয়াকে আটক করেন। পরে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ প্রক্রিয়া মেনে তাকে তল্লাশি করে।

তল্লাশির সময় তার কাছ থেকে ২৮,৫০০ টাকা বাংলাদেশি মুদ্রা, ২৫টি ফেনসিডিলের বোতল এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

ঘটনার পর সোনামুড়া থানায় মামলা দায়ের হয়। তদন্ত শেষে তৎকালীন সোনামুড়া থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ ২০২৫ সালের ২৯ আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন।

মামলার শুনানি শেষে আদালত মুজাহিদ মিয়াকে দোষী সাব্যস্ত করে পৃথক ধারায় উপরোক্ত কারাদণ্ড ও জরিমানার সাজা ঘোষণা করে।