Thursday, April 30, 2026
Latestদেশ

নির্বাচনী ইস্তেহারে কেরলমে মহিলাদের মাসে ২,৫০০ টাকা, শিল্পকেন্দ্র, হাই-স্পিড রেল করিডর, আইটি হাব, জাহাজ নির্মাণ কেন্দ্র, স্বাস্থ্য প্রযুক্তি কেন্দ্র, সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র, ব্লু ইকোনমি হাব, প্রতিরক্ষা উদ্ভাবন কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেরলম বিধানসভা নির্বাচনের আগে বিরাট প্রতিশ্রুতি দিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ৯ এপ্রিলের ভোটকে সামনে রেখে তিরুবনন্তপুরমে প্রকাশিত ইস্তেহারে একদিকে যেমন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তেমনই জোর দেওয়া হয়েছে অবকাঠামো, কর্মসংস্থান ও প্রশাসনিক সংস্কারের ওপর।

প্রধান আকর্ষণ হিসেবে গরিব পরিবারের জন্য বছরে দু’টি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ, ওনাম ও বড়দিনের সময় এই সুবিধা মিলবে। পাশাপাশি, দারিদ্র্যসীমার নীচে থাকা মহিলাদের জন্য মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে। ‘ভক্ষ্য আরোগ্য সুরক্ষা কার্ড’-এর মাধ্যমে এই অর্থ সরাসরি প্রদান করা হবে। এছাড়া ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক, বিধবা ও দরিদ্র পরিবারের মহিলা প্রধানদের জন্য মাসে ৩,০০০ টাকা পেনশনের প্রতিশ্রুতিও রয়েছে।

আরোগ্য সুরক্ষা কারদীর মাধ্যমে দরিদ্র পরিবারকে মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। এই টাকা দিয়ে তাঁরা ওষুধ এবং মুদিখানার জিনিস কিনতে পারবেন।

জনসেবার ক্ষেত্রে আরও একাধিক ঘোষণা করা হয়েছে। প্রতিটি পরিবারকে বছরে ২০,০০০ লিটার বিনামূল্যের জল সরবরাহ, রাজ্যে একটি এইমস (AIIMS) স্থাপন এবং ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তিরুবনন্তপুরম থেকে কান্নুর পর্যন্ত হাই-স্পিড রেল করিডর তৈরির প্রস্তাব দিয়েছে এনডিএ। 

পাশাপাশি তিরুবনন্তপুরম ও কোঝিকোড়ে মেট্রো পরিষেবা চালু করা এবং কোচি মেট্রোর সব ধাপ সম্পূর্ণ করার আশ্বাসও রয়েছে। ভিঝিঞ্জম বন্দরকে বড় শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং তার সঙ্গে রেল যোগাযোগ ও অর্থনৈতিক করিডর তৈরির পরিকল্পনাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে।

ধর্মীয় ও প্রশাসনিক ক্ষেত্রেও পরিবর্তনের বার্তা দিয়েছে জোট। দেবস্বম বোর্ডগুলির সংস্কার করে স্বচ্ছতা বাড়ানো, ভক্তদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাবরিমালা ও গুরুয়ায়ুর মন্দিরের সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাবরিমালা স্বর্ণচুরির অভিযোগে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিবিআই তদন্তের কথাও বলা হয়েছে।

কর্মসংস্থান ও অর্থনীতির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। স্থানীয় যুবকদের চাকরি দিলে সংস্থাগুলিকে প্রতি কর্মসংস্থানের জন্য ১ লক্ষ টাকার সফট লোন দেওয়ার প্রস্তাব রয়েছে। পাশাপাশি তিরুবনন্তপুরমকে আইটি হাব, কোচিকে জাহাজ নির্মাণ কেন্দ্র, কোঝিকোড়কে স্বাস্থ্য প্রযুক্তি কেন্দ্র, ত্রিশূরকে সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র, কোল্লামকে ব্লু ইকোনমি হাব এবং কান্নুরকে প্রতিরক্ষা উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার রূপরেখাও তুলে ধরা হয়েছে।

সব মিলিয়ে, এলডিএফ ও ইউডিএফের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে জনকল্যাণ, উন্নয়ন ও ধর্মীয় ইস্যুর মিশ্রণে কেরলের ভোটমাঠে নামল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।