CAA-তে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেলেন মহেন্দ্রকুমার সিংহ ও আরতি সিংহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মালদহের গাজোলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (CAA)–এর অধীনে নাগরিকত্বের শংসাপত্র পেলেন দুই আবেদনকারী। প্রায় ৩ মাস আগে আবেদন করার পর অবশেষে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পেলেন শংকরপুর এলাকার বাসিন্দা মহেন্দ্রকুমার সিংহ ও তাঁর স্ত্রী আরতি সিংহ।
এর আগে হাবিবপুরে সিএএ–র শংসাপত্র বিলির ঘটনা সামনে এসেছিল। সেই ধারাবাহিকতায় এবার গাজোলে শংসাপত্র দেওয়া হলো।
জানা গিয়েছে, ১৯৯৩ সালে বাংলাদেশে ধর্মীয় কারণে নির্যাতনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন মহেন্দ্রকুমার সিংহ ও আরতি সিংহ। পরে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। CAA কার্যকর হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করেন। ৩ মাসের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হয়।
দোলযাত্রার দিন তাঁদের বাড়িতে গিয়ে শংসাপত্র তুলে দেন চিন্ময় দেব বর্মন (Chinmoy Deb Barman)। তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর প্রকৃতভাবে অত্যাচারিত হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পাচ্ছেন। এটি মানবিক ও ঐতিহাসিক সিদ্ধান্ত।”
উল্লেখ্য, CAA–র আওতায় পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, SIR এর চূড়ান্ত তালিকায় বহু হিন্দুর নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতে উদ্বাস্তু হিন্দুদের কাছে সিএএ বড় ভরসা।


