‘পেট্রোল-ডিজেলের দাম কমানো উচিত মমতার’, বললেন অধীর চৌধুরী
কলকাতা ট্রিবিউন ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছিল সাধারণ মধ্যবিত্তের। জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসের দামও লাগামছাড়া হারে বেড়েছিল। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে গত বুধবার পেট্রোল-ডিজেলের ওপর থেকে উৎপাদন শুল্ক কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাশাপাশি ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল-ডিজেলের ওপর থেকে ভ্যাট কমিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল-ডিজেলের ওপর থেকে ভ্যাট কমাবে না বলে জানিয়ে দিয়েছে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, ‘বিজেপি শাসিত রাজ্য গুলোকে কেন্দ্র বেশি বেশি সুযোগ-সুবিধা দিচ্ছে। আমাদের তো টিকাই দিচ্ছে না। গ্যাস, পেট্রোল-ডিজেল বিক্রি করে কেন্দ্রীয় সরকার ৪ লাখ কোটি টাকা রোজগার করেছে। আমি কোথা থেকে পাব? পশ্চিমবঙ্গ সরকার অনেক আগেই ডিজেলে ১ টাকা ছাড় দিয়ে আসছে।’
এদিকে, পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেছেন, ‘জ্বালানির দাম বাড়ায় অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে। তাই কংগ্রেস শাসিত পাঞ্জাব ও ছত্রিশগড় সরকার ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারেরও উচিত পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমানো।’
এদিকে, দেশের ২৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল-ডিজেলের ওপর থেকে কমিয়েছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার কমাচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল বের করার ঘোষণা দিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের অনুমতি ছাড়াই মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কিন্তু সেই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বেধে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

