অকুতোভয় অভিনন্দন বর্তমানকে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় বায়ুসেনা অকুতোভয় অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) বীরত্বের কথা গোটা দেশবাসীর মনে আজও তরতাজা। পাকিস্তানি সেনার কাছে ধরা পড়ার পরেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন তিনি। চাপ দেওয়া সত্বেও গোপনীয় তথ্য শত্রুকে জানাননি তিনি। বরং বিনয় ও দৃঢ়তার সংমিশ্রনে তিনি জানিয়েছিলেন, “স্যার, আমি এটা আপানাদের বলতে পারব না, অনুমতি নেই।”
তাঁর সেই সাহসিকতার পুরস্কার হিসেবে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে বায়ুসেনার ‘গ্রুপ ক্যাপ্টেন’ পদে পদোন্নতি করলো ভারতীয় বায়ুসেনা। এই পদটি স্থলবাহিনীতে কর্নেল পদের সমকক্ষ।
২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি অভিনন্দন বর্তমানের মিগ-২১ ফাইটার প্লেনটিকে গুলি করে নামিয়েছিল পাকিস্তানি সেনা। তার আগে তিনি শত্রুপক্ষের এফ-১৬ প্লেনটি ধ্বংস করে দেন। তবে শেষ পর্যন্ত তিনি পাকিস্তানের মাটিতে নামতে বাধ্য হন। পাকিস্তানি সেনারা তাঁকে আটক করেছিল। পাক সেনার প্রচন্ড মাধ্যমের মুখেও মুখ খোলেননি তিনি। তার সেই দৃঢ়তা এবং অদম্য সাহসের কথা আজও সমস্ত দেশবাসী গর্বের সঙ্গে স্মরণ করে।
২০১৯ সালের ১ মার্চ জেনেভা যুদ্ধ চুক্তি অনুসারে অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয় পাক সেনা। সেই বছরই ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক ‘বীর চক্রে’ ভূষিত করা হয় তাঁকে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

