দীপাবলির সন্ধ্যায় সেনা জওয়ানদের বীরত্বের কথা স্মরণ করে একটি প্রদীপ জ্বালান, দেশবাসীর কাছে আর্জি প্রধানমন্ত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। গোটা দেশ আজ আলোর উৎসবে মাতোয়ারা। তবে উৎসবের এই দিনগুলিও পরিবার-পরিজনদের ছেড়ে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দেশমাতৃকাকে রক্ষা করে চলেছেন সেনা জওয়ানরা। দীপাবলির আনন্দ তাঁদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এই নিয়ে টানা ৮ বছর জওয়ানদের সঙ্গে কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
এবছর তিনি রাজৌরি সেক্টরে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রীকে সিয়াচেনে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন। ২০১৭ সালে কাশ্মীরের বান্দিপোরায় CRPF জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ উদযাপন করেছিলেন। ২০২০ সালে রাজস্থানের জয়সলমীরে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন।
দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে পৌঁছে যান। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশবাসীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রদীপ জওয়ানদের ত্যাগ, পরাক্রম ও বীরত্বের নামে জ্বালান।’
নারী শক্তির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশের সুরক্ষায় এখন মহিলারাও উচ্চতার শিখর ছুয়েছে। মহিলাদের এখন সেনায় স্থায়ী কমিশন দেওয়া হচ্ছে। প্রধান সেনা হিসেবেও মহিলাদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে।
সেনা জওয়ানদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জওয়ানরা দেশের রক্ষাকবচ। তাদের কারণেই দেশবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারেন। উৎসবে আনন্দ করতে পারেন।’
এদিন সকালেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “দীপাবলির এই শুভ উপলক্ষে দেশবাসীকে জানাই শুভেচ্ছা। এই আলোর উৎসব আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক এই কামনা করি। সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।”

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

