Thursday, October 8, 2026
Latestদেশ

জম্মুতে রোহিঙ্গাদের বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিল প্রশাসন, ক্ষোভ প্রকাশ করলেন ওমর আবদুল্লাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মুর বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, বেশ কিছু ব্যক্তিগত জমি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছিল। এই জমির মালিকদের নোটিস দেওয়ার পরই এই পদক্ষেপ করা হয়।

জম্মুতে জনসংখ্যাগত পরিবর্তন সংক্রান্ত কেন্দ্রের উচ্চপর্যায়ের কমিটি পরিদর্শনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চিহ্নিত এলাকাগুলিতে থাকা পরিবারগুলি স্থান খালি করে দেয়। পরে অস্থায়ী কাঠামোগুলি ভেঙে ফেলার দৃশ্যও সামনে এসেছে।

এদিকে, জম্মু-কাশ্মীরে রোহিঙ্গা সম্প্রদায়কে ‘টার্গেট’ করা হচ্ছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রোহিঙ্গাদের উচ্ছেদ অভিযানকে তিনি অপ্রয়োজনীয় ও হঠাৎ নেওয়া পদক্ষেপ বলে দাবি করেছেন।

মঙ্গলবার সাংবাদিকদের ওমর বলেন, মায়ানমার থেকে নিজেদের বাড়িঘর ছেড়ে আসতে বাধ্য হওয়া রোহিঙ্গাদের জম্মু-কাশ্মীরে আশ্রয় দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, “রোহিঙ্গাদের অপ্রয়োজনীয়ভাবে টার্গেট করা হচ্ছে। তারা নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছিল এবং আমরা তাদের এখানে সামান্য আশ্রয় দিয়েছিলাম। নিজেদের দেশে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের এখানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।”

এদিকে, সোমবার কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৫০ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে বাগডোগরায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের প্রত্যর্পণের জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

ওমর আবদুল্লাহ বলেন, বাংলাদেশি নাগরিকরা জম্মু-কাশ্মীরে কোনও সমস্যা তৈরি করেননি। তবে অনুমতি ছাড়া বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে বসবাসের বিষয়টি আলাদা বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “তারা এখানে অবৈধভাবে থাকতে পারেন না। যারা বাংলাদেশ থেকে অনুমতি ছাড়া এসেছে, সেটি একটি পৃথক বিষয়।”