দক্ষিণ দিনাজপুরে ২৫ জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক, স্থানীয়দের তৎপরতায় গ্রেফতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার লোহাগঞ্জ গ্রামে সন্দেহজনকভাবে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় একদল অপরিচিত ব্যক্তিকে। স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পালিয়ে গিয়ে আশপাশের ধানক্ষেতে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে।
পরে গ্রামবাসীরা তাদের ধরে বিএসএফকে খবর দেন। অভিযোগ, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিক। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিএসএফ জওয়ানরা ২৫ জন ব্যক্তিকে আটক করেন এবং একজন ভারতীয় দালালকে আটক করেছে।
ধৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং তাদের অনেকে কাশ্মীরে শ্রমিক হিসেবে কাজ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তারা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। ধৃত ভারতীয় দালাল (বাবলু রায়) তাদের সহায়তা করছিলেন বলে খবর।
স্থানীয়দের সতর্কতা ও দ্রুত তৎপরতার ফলেই বিষয়টি বিএসএফের নজরে আসে এবং তাদের আটক করা সম্ভব হয়। সন্দেহজনক কোনও গতিবিধি নজরে এলে স্থানীয়দের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ধৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে BSF। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

