Sunday, August 9, 2026
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গে ২,০০০ কোটি টাকার স্মার্ট লজিস্টিক্স হাব তৈরির পরিকল্পনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ও জাতীয় সড়কের পাশে ২০টি স্থানে স্মার্ট হাইওয়ে লজিস্টিক্স হাব গড়ে তোলার পরিকল্পনা করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে তৈরি হতে চলা প্রতিটি হাবের আনুমানিক খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা। ফলে প্রথম পর্যায়ে গোটা প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ২,০০০ কোটি টাকা।

সরকারের দাবি, এই প্রকল্পে সরাসরি সরকারি অর্থের প্রয়োজন হবে না। বেসরকারি সংস্থাগুলিই হাবগুলি নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নেবে।

এই লজিস্টিক্স হাবগুলি মূলত পণ্য পরিবহনের স্থানান্তর কেন্দ্র হিসেবে কাজ করবে। বড় ট্রাকগুলি শহরে প্রবেশের আগে হাবে পণ্য নামিয়ে দেবে। এরপর ছোট গাড়ির মাধ্যমে সেই পণ্য শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে।

প্রতিটি হাবে থাকবে ট্রাক পার্কিং, গুদাম, ইভি চার্জিং স্টেশন, জ্বালানি পাম্প, ধাবা, চালকদের থাকার জন্য ডরমিটরি, চিকিৎসা ও জরুরি পরিষেবা এবং খুচরো পণ্যের দোকান।

সরকারের আশা, এই উদ্যোগের ফলে শহরের ভিতরে যানজট কমবে, ভারী যান চলাচলের কারণে রাস্তার ক্ষয়ক্ষতি কমবে এবং পণ্য পরিবহনের দক্ষতা বাড়বে। পাশাপাশি প্রথম পর্যায়েই কমপক্ষে ১,০০০ জন ট্রাকচালক ও সহায়কের কর্মসংস্থান তৈরি হতে পারে।