Thursday, August 6, 2026
Latestরাজ্য​

তোলাবাজি বরদাস্ত নয়, ২২ জন দলীয় কর্মীকে সাসপেন্ড করলো বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তোলাবাজির অভিযোগে এবার কড়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ বিজেপি। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ২২ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি নিউটাউনে এক দলীয় কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, দলের কোনও কর্মী বা নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থাকলে তারা নিজেরাই নিজেদের শুধরে নিন, অন্যথায় দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সেই সতর্কবার্তার পরই অভিযোগের ভিত্তিতে প্রায় আড়াইশো জন দলীয় কর্মীকে শোকজ নোটিস পাঠানো হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শোকজের জবাবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে সক্ষম হওয়ায় ৮০ জন কর্মীকে আপাতত ছাড় দেওয়া হয়েছে। তবে ১০২ জনের বিরুদ্ধে তদন্ত ও পর্যালোচনার পর ২২ জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বাকি অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজেপির অন্দরে বার্তা স্পষ্ট, তোলাবাজি বা দুর্নীতির অভিযোগে কোনও রকম আপস করা হবে না। ভবিষ্যতে যদি কোনও নেতা বা কর্মীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে, সেক্ষেত্রেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দল।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও দলের একাংশের নেতা-কর্মীদের আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, “আমাদের বহু নেতা এখন মধুতে আসক্ত।” তার বক্তব্য ছিল, রাজ্য থেকে তোলাবাজির সংস্কৃতি রাতারাতি দূর হবে না, তবে অভিযোগের মুখে থাকা নেতা-কর্মীদের উপর দল কড়া নজর রাখছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।