যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের সময় শপিং মলে বার্গার খাচ্ছেন CJP-র মুখপাত্র বিজেতা দাহিয়া, তীব্র সমালোচনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন দলের সমর্থকেরা যখন পুলিশের লাঠিচার্জের মুখে পড়েছেন, ঠিক সেই সময়ই কাছের একটি শপিং মলে বার্গার খেতে দেখা গিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র মুখপাত্র বিজেতা দহিয়াকে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
এই ঘটনায় সিজেপি মঙ্গলবার বিজেতা দাহিয়াকে তাদের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে। এক্স পোস্টে CJP বলেছে, ‘দাহিয়া’র কর্মকাণ্ড আন্দোলনের মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে যখন বিক্ষোভকারীরা পুলিশি লাঠিচার্জের সম্মুখীন হওয়ার সময়েই ভিডিওগুলো সামনে আসে।’
সিজেপি বলেছে, “আমরা আমাদের মুখপাত্র বিজেতা দাহিয়া-র চরম অসংবেদনশীল কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, যার ভিডিও এমন সময়ে সামনে এসেছে যখন শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও আমাদের দল পুলিশের লাঠিচার্জের শিকার হচ্ছিল। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য, এটি বিচারবুদ্ধির চরম অভাবের পরিচায়ক এবং আমাদের আন্দোলনের মূল্যবোধ ও নীতির সঙ্গে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ।”
তাই দাহিয়াকে মুখপাত্রের পদ থেকে অপসারণ করা হয়েছে এবং সকল দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যায়, যন্তর মন্তরের নিকটবর্তী একটি শপিং মলের একটি বার্গারের দোকানের বাইরে দাঁড়িয়ে রয়েছেন বিজেতা দহিয়া। অভিযোগ, সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচির সময় দলের সমর্থকেরা যখন দিল্লি পুলিশের লাঠিচার্জের মুখে পড়ছিলেন, তখন তিনি বিক্ষোভস্থলে না থেকে বার্গার কিনে খাচ্ছিলেন। সেই সময় কয়েক জন তরুণ তার কাছে গিয়ে প্রশ্ন তোলেন, তিনি কেন আন্দোলনস্থলে উপস্থিত নেই। ওই ঘটনার ভিডিয়োই পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হতেই বহু সমাজমাধ্যম ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, আন্দোলনের ডাক দিয়ে নেতৃত্ব যদি বিক্ষোভকারীদের পাশে না থাকে, তবে তা সাধারণ সমর্থকদের কাছে ভুল বার্তা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন আন্দোলনকারীরা পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মুখোমুখি হচ্ছিলেন বলে দাবি করা হচ্ছে, তখন দলের অন্যতম মুখপাত্র কীভাবে ঘটনাস্থল ছেড়ে অন্যত্র থাকতে পারেন।
উল্লেখ্য, এর আগেও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ অনলাইনে সমালোচনার মুখে পড়েছিলেন। সোনম ওয়াংচুকের অনশন চলাকালীন তার পাশে বসে খাবার খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।


