সিকিম সফরে স্থানীয় শিশু ও তরুণদের সঙ্গে ফুটবল খেললেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সিকিম সফরে গিয়ে অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক কর্মসূচির ফাঁকে স্থানীয় শিশু ও তরুণদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠলেন তিনি। গ্যাংটকয়ের এক সুন্দর সকালে এই ফুটবল সেশনের একাধিক ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, সিকিমে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ।
প্রধানমন্ত্রীর এই সফরের মূল উপলক্ষ সিকিমের স্টেটহুডের সুবর্ণজয়ন্তী উদযাপন। সেই অনুষ্ঠানে তিনি প্রায় ৪০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং নগরোন্নয়নে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
তবে এই ফুটবল খেলার মুহূর্ত ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা তৈরি হয়েছে। কারণ, এর ঠিক আগেই চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে ‘সাইলেন্স পিরিয়ড’। বুধবার সাতটি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা। এই আবহে প্রধানমন্ত্রীর ফুটবল খেলার ছবি পোস্টকে অনেকেই কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।
বিশেষ করে বাংলায় ফুটবল একটি আবেগের বিষয়। সেই জায়গা থেকেই অনেকের মত, সরাসরি রাজনৈতিক বার্তা না দিয়েও ফুটবলের মাধ্যমে বাঙালির আবেগকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। যদিও এ নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি, তবুও সময় ও প্রেক্ষিত মিলিয়ে বিষয়টি ঘিরে আলোচনা তুঙ্গে।


