Thursday, April 23, 2026
Latestরাজ্য​

‘ঝালমুড়ি খেয়েছি আমি, আর ঝাল লেগেছে তৃণমূলের’, মমতাকে খোঁচা মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কৃষ্ণনগরে নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগে নির্বাচনী প্রচারে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, তা নিয়েই এদিন কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

মোদী বলেন, ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে অনেকে ‘ঝটকা’ খেয়েছেন। তাঁর কথায়, “আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগলো তৃণমূলের।”

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় আগে দাবি করেছিলেন, মোদীর ঝালমুড়ি খাওয়ার সময় যে বিক্রেতা ছিলেন, তিনি নাকি এসপিজি জওয়ান। সেই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

মহিলাদের জন্য ১০ প্রতিশ্রুতি

এদিন বাংলার মহিলাদের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে—

* গর্ভবতী মহিলাদের জন্য সহায়তা বৃদ্ধি

* বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

* পুলিশে মহিলাদের নিয়োগ বৃদ্ধি

* মহিলা থানা সম্প্রসারণ

মহিলা সুরক্ষা ও ক্ষমতায়নকে সামনে রেখে এই প্রতিশ্রুতিগুলি দেন তিনি।

ভোট ও নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য

শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মোদী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।’

তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, “আগে এখানে খুন করে গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলা হতো‌।”

মোদীর দাবি, এবারের ভোটে উচ্চ ভোটদানের হার দেখা যাচ্ছে এবং তা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

পরিবর্তনের বার্তা ও রাজনৈতিক আক্রমণ

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় উচ্চ ভোটদানের পর বিজেপির পক্ষে বড় জয়ের নজির রয়েছে। তাঁর মতে, পশ্চিমবঙ্গেও সেই একই প্রবণতা দেখা যাচ্ছে এবং পরিবর্তন আসতে চলেছে।

তিনি আরও দাবি করেন, ৪ মে রাজ্যে বিজেপির ‘বিজয়োৎসব’ হবে এবং সেখানে মিষ্টি ও ঝালমুড়ি বিলি করা হবে।

তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, রাজ্যের মানুষ শাসক দলের নেতা, বিধায়ক ও মন্ত্রীদের কাজে অতিষ্ঠ। তৃণমূল অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করছে এবং রাজ্যে ‘এক পার্টি, এক সিন্ডিকেট’ ব্যবস্থা চালাচ্ছে।