‘কোন সাহসে ভোটের দিন পশ্চিমবঙ্গে এসে প্রচার করছেন?’, মোদীকে কটাক্ষ মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের দিনেও রাজনৈতিক উত্তেজনা কমেনি। বৃহস্পতিবার সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগর, মথুরাপুর এবং হাওড়ায় একাধিক জনসভা করেন। সভাগুলি থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি তৃণমূলকে একের পর এক আক্রমণ করেন।
এরই পাল্টা জবাব দিতে বিকেলে চৌরঙ্গীতে দলীয় প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “কোন সাহসে ভোটের দিন এসে এখানে প্রচার করছেন? এসেছেন হাওয়া গরম করতে।”
মমতা আরও অভিযোগ করেন, “ভোটের দিন টেলিপ্রম্পটার দেখে বাংলায় প্রচার করতে এসেছেন। বিজেপির এজেন্ট তো নেই, ওটা এখন এজেন্সি হয়ে গেছে। এতগুলো আসনে ভোট চলছে, আর ভোটের দিনেই জয়ের দাবি করছেন—এটা জনগণ ঠিক করবে।”
একই দিনে চৌরঙ্গী ছাড়াও যাদবপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা এবং ভবানীপুরে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। প্রথম সভা থেকেই তিনি কেন্দ্রের শাসকদলকে নিশানা করেন।
অন্যদিকে, ভোটের প্রথম দফায় বিকাল ৫টা পর্যন্ত ১৫২টি আসনে গড়ে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। উচ্চ ভোটদানে রাজনৈতিক দলগুলির মধ্যেও আশাবাদ দেখা যাচ্ছে।
এই বিপুল ভোটদানের ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা মানুষের অধিকার রক্ষার লড়াই। মানুষ সেটা বুঝেছেন। নইলে এনআরসি করে নাম বাদ দিয়ে ডি-ভোটার বানিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে—এই ভয় মানুষ ভালোভাবে বুঝেছেন বলেই এত ভোট পড়ছে।”


