Wednesday, February 11, 2026
Latestরাজ্য​

‘যুবসাথী’ প্রকল্প নিয়ে ২৯৪টি কেন্দ্রে ক্যাম্প করছে তৃণমূল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বেকার যুব-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার ‘যুবসাথী’ প্রকল্প চালু করতে চলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, এই প্রকল্পে আবেদনের জন্য কোনো অনলাইন পোর্টাল চালু করা হবে না। আবেদনকারীদের সরাসরি ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে হবে। ‘দুয়ারে সরকার’-এর আদলে এই ক্যাম্পগুলি আয়োজন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই পরিষেবা পান।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পগুলি চলবে। ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। প্রতিটি ক্যাম্পে চারটি বিভাগের চারজন আধিকারিক উপস্থিত থাকবেন, যাতে আবেদন প্রক্রিয়ায় কোনো অসুবিধা না হয়।

নতুন নিয়মে, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচিত প্রার্থীরা টানা পাঁচ বছর প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নির্দিষ্ট সময় শেষে আবেদনের ভিত্তিতে এই সহায়তা পুনর্নবীকরণের সুযোগও থাকবে।

আগে ১৫ আগস্ট থেকে প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও, সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্প কার্যকর করতে। মুখ্যমন্ত্রীর কথায়, এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের বেকার যুবসমাজকে আর্থিক সুরাহা দেওয়াই সরকারের লক্ষ্য।