Monday, May 25, 2026
রাজ্য​

‘সিভিক অধ্যাপকের বেতন মাসে ৪৮০০ টাকা, রাজ্যের ভাঁড়ার শূন্য, অবস্থা খুবই খারাপ’, কটাক্ষ সুকান্তর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গত ২৪ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিজিক্সের ক্লাস নেওয়ার জন্য অস্থায়ী অধ্যাপক প্রয়োজন। নূন্যতম যোগ্যতা পিএইচডি ডিগ্রিধারী অথবা নেট উত্তীর্ণ। বেতন ক্লাস প্রতি ৩০০ টাকা। প্রতি সপ্তাহে সর্বাধিক চারটি ক্লাস নিতে পারবেন অস্থায়ী ওই লেকচারাররা।

এই বিজ্ঞপ্তি জারির পরে তুমুল সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, একজন শ্রমিকের দৈনিক পারিশ্রমিক যেখানে ৫০০-৬০০ টাকা, সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন ৯০০০ টাকা, সেখানে পদার্থবিদ্যাতে পিএইচডি ডিগ্রিধারী অথবা নেট উত্তীর্ণ লেকচারারের বেতন কিভাবে মাসে সর্বাধিক ৪৮০০ টাকা হতে পারে?

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই সিদ্ধান্তকে সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তুলনা করে ‘সিভিক লেকচারার’ বলে কটাক্ষ করেছেন তিনি। টুইটে তিনি বলেছেন, ‘রাজ্যের ভাঁড়ার শূন্য। পরিস্থিতি এতটাই খারাপ যে একজন সাফাই কর্মীর থেকেও কম বেতন পাবেন ফিজিক্সের অধ্যাপক। পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এই বিজ্ঞপ্তি পড়ার পরে একজন অধ্যাপক হিসেবে আমি বিরক্ত বোধ করছি।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।