অসমে ৫টি আসনের ৫টিতেই বিরাট ব্যবধানে এগিয়ে গেরুয়া শিবির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি বিধানসভা ও ৩টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা চলছে আজকে। পশ্চিমবঙ্গের ৪টি আসনের ৪ টিতেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস। তবে অন্যান্য রাজ্যে এগিয়ে রয়েছে বিজেপি।
অসমের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার জোটসঙ্গীরা অসমের পাঁচটি বিধানসভা কেন্দ্র – গোসাইগাঁও, তামুলপুর, ভবানীপুর, মারিয়ানি এবং থাওড়াতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
বিজেপি প্রার্থী ফণীধর তালুকদার, রূপজ্যোতি কুর্মি এবং সুশান্ত বোরগোহাইন যথাক্রমে ভবানীপুর, মারিয়ানি এবং থাওড়া আসনে এগিয়ে রয়েছেন। এদিকে, বিজেপির জোটসঙ্গী ইউপিপিএল-এর প্রার্থী জিরন বসুমাতারি এবং জোলেন ডাইমারি যথাক্রমে গোসাইগাঁও এবং তামুলপুর আসনে এগিয়ে রয়েছেন।
চূড়ান্ত রাউন্ডের গণনা শেষে থাওড়া ২৪,৫৭২ ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী। মারিয়ানিতে বিজেপি প্রার্থী ৩৯,৮০০ ভোটে এগিয়ে রয়েছেন।
অসমের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ নেওয়ার পরে এটাই তাঁর প্রথম নির্বাচনী পরীক্ষা। রাজনৈতিক মহলের মতে, ৩টি আসনে বিজেপির হিমন্ত বিশ্ব শর্মার অধীনে দলের রাজনৈতিক স্থানকে আরও প্রসারিত করবে। অন্যদিকে, কংগ্রেস অসমে তাঁদের ২টি দুর্গ হারাতে বসেছে।
বিজয় নিশ্চিত হতেই টুইটারে টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। টুইটে তিনি লিখেছেন, ‘ অসমে বিজেপি এবং তাদের জোট সঙ্গীরা বিপুল ভোটের ব্যবধানে ৫টি আসনের ৫টিতেই জয়লাভ করতে চলেছে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং তার প্রতি জনগণের বিশ্বাসের নিদর্শন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
In Assam,BJP and allies are all set to register emphatic win on all 5 constituencies in the bye-polls by huge margins.This is a loud endorsement of people’s faith in visionary leadership of Hon PM Sri @narendramodi.
Grateful to Sri @AmitShah and @JPNadda for your guidance.— Himanta Biswa Sarma (@himantabiswa) November 2, 2021

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

