‘বিয়ের আগে ফ্রিজটা দেখে নেওয়া উচিত ছিল’, স্বরার বিয়ে প্রসঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ড টেনে কটাক্ষ সাধ্বী প্রাচীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাদের বিয়ে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী। তাদের সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টানলেন সাধ্বী।
উল্লেখ্য, লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা শ্রদ্ধাকে খুন করে। শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দেয়। পরে সুযোগ বুঝে জঙ্গলে ফেলে দেয় দেহের টুকরো। শ্রদ্ধার সঙ্গে স্বরা-ফাহাদের বিয়ের তুলনা টেনে খোচা দিলেন সাধ্বী প্রাচী।
সাধ্বী প্রাচী বলেন, “শ্রদ্ধাকে কিভাবে ৩৫ টুকরো করেছিল তার লিভ ইন পার্টনার আফতাব, স্বরা হয়তো সেই খবর জানেন না। বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্বরার ভালোভাবে ফ্রিজটা দেখে নেওয়া উচিত ছিল। যদিও এটা ওর ব্যক্তিগত পছন্দ। তবে শ্রদ্ধার সঙ্গে যা হয়েছে স্বরার সঙ্গে তা হতেই পারে।”
সাধ্বী প্রাচী আরও বলেন, “স্বরা চিরকালই হিন্দু ধর্মের বিরোধী। আমি জানতাম কোনও হিন্দুকে উনি বিয়ে করবেন না। সেটাই হয়েছে। মুসলিমকে বিয়ে করেছেন।” সাধ্বী প্রাচীর মতে, স্বরার পরিণিতি সুখকর হবে না।

