Sunday, May 31, 2026
দেশ

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের জেল: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি রুখতে এবার কঠোরতম পদক্ষেপ নিল বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার। প্রশ্নপত্র ফাঁস বা নিয়োগ দুর্নীতির ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের জেল। শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ কথা জানিয়েছেন।

পুষ্কর সিং ধামি বলেন, ‘যুব সম্প্রদায়ের স্বপ্ন নিয়ে যারা ছেলে খেলা করবে তাদের সঙ্গে কোনও আপোস নয়। নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের জেল হবে। পাশাপাশি তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

একটি সংস্কৃতি উৎসবে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকেই রেয়াত করা হবে না।

উত্তরাখণ্ডের গভর্নর লেফটেনান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং শুক্রবার উত্তরাখণ্ড কম্পিটিটিভ এক্সামিনেশন অর্ডিন্যান্স সই করেছেন। সেটাকে অ্যান্টি কপিং অর্ডিন্যান্স হিসাবেও উল্লেখ করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপালের সম্মতির পরে এই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হবে।

বেরোজগার সঙ্ঘের তরফে সম্প্রতি দেরহাদুনের রাজপুর রোডের ধারে একটি ধর্নায় বসে। তাদের দাবি, নিয়োগ সংক্রান্ত অনিয়মের ক্ষেত্রে সিবিআই তদন্ত করুক।

এদিকে, নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছে কেন্দ্র। বাংলার মতো এত দুর্নীতির অভিযোগ দেশের মধ্যে নজিরবিহীন বলে অভিযোগ কেন্দ্রের। নায্য চাকুরীপ্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে ধর্না দিচ্ছেন।