Sunday, May 31, 2026
রাজ্য​

৬ লাখ দিয়েও মেলেনি চাকরি, চাকরিপ্রার্থীর সুইসাইড নোটে পার্থ চট্টোপাধ্যায়, CBI তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঘুষ দিয়েও মেলেনি চাকরি। অবসাদে আত্মঘাতী যুবক। জানা গেছে, গ্রুপ ডি চাকরির জন্য ৬ লাখ ঘুষ দিয়েছিলেন লালগোলার বাসিন্দা আবদুল রহমান। কিন্ত মেলেনি চাকরি। তাই অবসাদে সুইসাইড করেন ২৫ বয়সী ওই যুবক। সুইসাইড নোটে জনৈক পার্থ চট্টোপাধ্যায়কে তার মৃত্যুর জন্য দায়ী করছেন। জনৈক পার্থ চট্টোপাধ্যায় তার কাছ থেকে টাকা নিয়েছেন বলেও উল্লেখ রয়েছে ওই নোটে।

এই ঘটনায় লালগোলা থানায় চার্জশিট পেশ করা হয়। আদালতে CBI তদন্তের দাবি ওঠে। সেই দাবি মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’কে মামলায় তদন্তের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। গ্রুপ ডি এর চাকরির জন্য ৬ লাখ টাকা দিয়েছিলেন আবদুল রহমান। কিন্তু মেলেনি চাকরি। চাকরি না পেয়ে অবসাদে ভুগতে থাকেন আবদুল। অবশেষে অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হন ২৫ বছর বয়সী ওই যুবক। মৃত্যুর আগে সুইসাইড নোটও লিখে যান আবদুল। তাতে জনৈক পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে।

ঘটনার তদন্তে নেমে মধ্যস্থকারী অভিযুক্ত দিবাকর কনুইকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই জনৈক পার্থ চট্টোপাধ্যায়ের চিহ্নিতকরণে তদন্ত শুরু হয়। কিন্তু, পরবর্তীতে দেখা যায়, লালগোলা থানার পুলিশ মৃত আবদুর রহমানকেই অভিযুক্ত হিসেবে দেখিয়ে একটি চার্জশিট পেশ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে CBI তদন্তের আবেদন জানানো হয়। অভিযোগ তোলা হয় পুলিশি নিষ্ক্রিয়তার। এই মামলারই শুনানি ছিল সোমবার।

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, মৃতের চিঠিতে জনৈক পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিকের বিরুদ্ধে চাকরির জন্য টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। অথচ লালগোলা থানার পুলিশ চার্জশিটে মৃতের নামেই অভিযোগ উল্লেখ করেছে। শুনানি শেষে এদিন বিচারপতি মান্থা এই ঘটনায় CBI তদন্তের অনুমতি দিয়েছেন।