Tuesday, May 26, 2026
Latestরাজ্য​

ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে রাখা হলো ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারির ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় চালু হয়ে গেল ‘হোল্ডিং সেন্টার’। আর সেই নির্দেশ কার্যকর হওয়ার একদিনের মধ্যেই মালদা ও মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে আটক রাখা হলো ৯ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন ৩ জন প্রাপ্তবয়স্ক মহিলা এবং ৬ জন নাবালক-নাবালিকা।

সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরই অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করে স্বরাষ্ট্র দপ্তর। সেই অনুযায়ী, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রত্যার্পণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ২৩ মে রাইটার্স বিল্ডিংয়ের ফরেনার্স ব্রাঞ্চ থেকে সমস্ত জেলাশাসকের কাছে জরুরি নির্দেশিকা পাঠায়। এরপরেই দ্রুত শুরু হয় হোল্ডিং সেন্টার চালু ও ধরপাকড়ের প্রক্রিয়া।

পুলিশ সূত্রে খবর, মালদা জেলার গাজোল মহকুমার পান্ডুয়া এলাকা থেকে আটক করা হয় ওই ৯ জনকে। পরে তাদের ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেন, তাদের বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের মিঠাপুকুর এলাকার একটি গ্রামে। তদন্তে আরও জানা গিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই পান্ডুয়া এলাকায় বসবাস করছিল এবং হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল।

প্রশাসনের দাবি, আটক ব্যক্তিদের পরিচয় ও নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। একইসঙ্গে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াও শুরু করা হবে বলে সূত্রের খবর। রাজ্যজুড়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে আগামী দিনে আরও অভিযান চলবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

তথ্যসূত্র: UNI