পশ্চিমবঙ্গের প্রায় ২৩৯৬ টি মাদ্রাসার সরকারি অনুমোদন নেই, প্রথম দফাতেই ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ জারি, আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও অনুমোদন যাচাইয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্যের ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে। এই মাদ্রাসাগুলির অধিকাংশই ‘খারিজি মাদ্রাসা’ বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে।
গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের সমস্ত জেলায় মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালায় রাজ্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর। সমীক্ষায় মাদ্রাসাগুলির বর্তমান পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্রছাত্রী সংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই করা হয়।
দফতরের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, রাজ্যে প্রায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসার সরকারি অনুমোদন নেই বলে জানা যায়। এরপরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছেও নোটিসের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। অভিযোগ, ওই প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোতেও যথেষ্ট গলদ রয়েছে। শোকজের জবাবে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলি নিজেদের পরিকাঠামো ও অবস্থান সম্পর্কে সন্তোষজনক তথ্য-প্রমাণ দিতে না পারলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কতগুলি মাদ্রাসা অনুমোদনপ্রাপ্ত এবং কতগুলি অনুমোদনহীন—তা চিহ্নিত করতেই এই সমীক্ষা চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জেলায় জেলায় শুরু হয় যাচাই পর্ব।
সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, কলকাতার পাশাপাশি রাজ্যের ২২টি জেলার সমস্ত মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে। অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলি নিয়ম মেনে চালু রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “বহুবার মাদ্রাসা নিয়ে একাধিক অভিযোগ এসেছে। তার তদন্ত চলছে। যারা সরকারের অনুমতি নিয়ে মাদ্রাসা চালাচ্ছে, সেগুলি চলবেই। তবে যেখানে সেখানে মাদ্রাসা খুলে উৎপাত করার অনুমতি দেবে না সরকার। সেই কাজ শুরু হয়েছে।”

