Sunday, May 3, 2026
Latestরাজ্য​

দায়িত্বে গাফিলতি বরদাস্ত নয়, ভোটগণনায় অনিয়ম করলে চাকরি যাওয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার, ৪ মে রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে গণনাপর্বকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ভারতের নির্বাচন কমিশন। সরকারি কর্মীদের দায়িত্ব পালন নিয়ে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফে। গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে কড়া বিভাগীয় পদক্ষেপ, এমনকি চাকরি খোয়ানোর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ শুরু থেকেই কড়া নজরদারিতে রাখা হয়েছে। ভোটগ্রহণ পর্বে কিছু জায়গায় অনিয়মের অভিযোগ সামনে আসায় গণনার দিন আরও বেশি সতর্কতা অবলম্বন করতে চাইছে কমিশন। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। সেই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

দুই দফায় সম্পন্ন হওয়া এই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে দাবি কমিশনের। বর্তমানে সমস্ত ইভিএম কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমে সংরক্ষিত রয়েছে। গণনার দিন কোনওরকম ত্রুটি এড়াতে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গণনাকেন্দ্রে দায়িত্বে থাকা সরকারি কর্মীদের কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। তাঁদের পাশাপাশি অতিরিক্ত অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভারও থাকছেন পরিস্থিতি সামাল দিতে। প্রশাসনিক মহলের মতে, গণনাকেন্দ্রগুলিকে কার্যত ‘দুর্গে’ পরিণত করা হয়েছে।

এছাড়াও আইনশৃঙ্খলা বজায় রাখতে আগেই কলকাতা পুলিশের আওতাধীন সমস্ত গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কোনওরকম বিক্ষোভ, উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।

সবমিলিয়ে, ভোটগণনা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল রাখতে এবার কোনও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। কঠোর নজরদারি ও কড়া বার্তার মধ্যেই শুরু হতে চলেছে বাংলার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের চূড়ান্ত পর্ব।