Wednesday, November 11, 2026
Latestদেশ

৭৭,১০১ কোটি টাকার ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মোট ৭৭,১০১ কোটি টাকার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নয়ডা মেট্রোর অ্যাকোয়া লাইন গ্রেটার নয়ডা ওয়েস্ট পর্যন্ত সম্প্রসারণ, দিল্লিতে নতুন জাতীয় জাদুঘর নির্মাণ, ২০২৬-২৭ সালের রবি মরশুমে সার ভর্তুকি এবং ঋণ নিশ্চয়তা সংক্রান্ত দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পরিকাঠামো উন্নয়ন, কৃষক কল্যাণ এবং উদ্যোগপতিদের সহায়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।

গ্রেটার নয়ডা ওয়েস্ট পর্যন্ত পৌঁছবে অ্যাকোয়া লাইন

নয়ডা সেক্টর ৫১ থেকে গ্রেটার নয়ডার সেক্টর ৪ পর্যন্ত অ্যাকোয়া লাইন মেট্রো সম্প্রসারণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৮.৪৪৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে আনুমানিক ২,৩৯০ কোটি টাকা খরচ হবে।

সম্পূর্ণ উড়ালপথে নির্মিত এই মেট্রো করিডরে মোট পাঁচটি স্টেশন থাকবে। সেগুলি হল নোয়ডার সেক্টর ৬১, ৭০, ১২২ ও ১২৩ এবং গ্রেটার নোয়ডার সেক্টর ৪। প্রকল্পটি সম্পূর্ণ করতে আনুমানিক চার বছর সময় লাগবে।

সরকারি বিবৃতি অনুযায়ী, এই সম্প্রসারণের ফলে নয়ডা ও গ্রেটার নয়ডায় চালু মেট্রো নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য বেড়ে ৭১.৮৭৮ কিলোমিটার হবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই মেট্রো পরিষেবার মাধ্যমে এলাকার তথ্যপ্রযুক্তি সংস্থা, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) এবং দিল্লির অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে।

যুগে যুগে ভারত মিউজিয়ামের জন্য ৩,২৩০ কোটি টাকা বরাদ্দ

নয়াদিল্লির নর্থ ব্লক ও সাউথ ব্লক ভবনে ‘যুগে যুগে ভারত মিউজিয়াম’ (Yuge Yugeen Bharat Museum) গড়ে তোলার জন্য ৩,২৩০ কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ঐতিহাসিক ভবন দুটির স্থাপত্যশৈলী ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সেগুলিকে সর্বসাধারণের জন্য একটি আধুনিক জাদুঘরে রূপান্তরিত করা হবে। এই প্রকল্পের আওতায় প্রায় ১,৭৮,৫০৯ বর্গমিটার নির্মিত এলাকা তৈরি হবে।

ভারতের সভ্যতা, ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরাই এই জাদুঘরের মূল উদ্দেশ্য। ভারতের দৃশ্যমান ও অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য আধুনিক প্রদর্শনী এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে। সরকারের দাবি, এটি বিশ্বের বৃহত্তম জাদুঘর প্রদর্শনী ক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক স্তরে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।

রবি মরশুমে সারে ৬২,৩৭০ কোটি টাকার ভর্তুকি

২০২৬-২৭ সালের রবি মরশুমের জন্য ফসফেটিক ও পটাশিক সারে ৬২,৩৭০ কোটি টাকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ভর্তুকি কার্যকর থাকবে।

নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি (NBS) প্রকল্পের আওতায় এই সুবিধা দেওয়া হবে। ডাই-অ্যামোনিয়াম ফসফেট (DAP) এবং NPKS-সহ বিভিন্ন ধরনের সারের ক্ষেত্রে এই ভর্তুকি প্রযোজ্য হবে।

অশ্বিনী বৈষ্ণব জানান, পশ্চিম এশিয়ার সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অতিরিক্ত বোঝা সরকার নিজেই বহন করবে। ফলে সাধারণ কৃষকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না।

তিনি আরও জানান, ৫০ কেজির এক বস্তা DAP সারের খুচরো দাম আগের মতোই ১,৩৫০ টাকা রাখা হবে।

এছাড়াও ঋণ নিশ্চয়তা সংক্রান্ত দুটি প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে পরিকাঠামো, কৃষি এবং উদ্যোগপতি মহলে আর্থিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতি দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র।

মাইক্রো ইউনিটের জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ড ২০৩১ সাল পর্যন্ত

মাইক্রো ইউনিটের জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ড (Credit Guarantee Fund for Micro Units) প্রকল্পের মেয়াদ ২০৩১ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)-র আওতায় জামানত ছাড়াই ঋণ দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানির (NCGTC) মাধ্যমে ঋণদাতা সংস্থাগুলিকে ঋণের গ্যারান্টি প্রদান করা হয়।

সরকারি বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুদ্রা যোজনার আওতায় ৬০.৩৬ কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে। এর মোট পরিমাণ ৪৩.৩৪ লক্ষ কোটি টাকা। পাশাপাশি, এই প্রকল্পের অধীনে ১২.৬ লক্ষ কোটি টাকার ঋণ প্রদানের সুবিধা নিশ্চিত করতে ৫,০০০ কোটি টাকার তহবিল (Corpus Fund) অনুমোদন করা হয়েছে।

স্ট্যান্ড-আপ ইন্ডিয়া প্রকল্পের ঋণ নিশ্চয়তা তহবিলের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি

স্ট্যান্ড-আপ ইন্ডিয়া প্রকল্পের আওতায় ক্রেডিট গ্যারান্টি ফান্ডের মেয়াদও আরও পাঁচ বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

এই প্রকল্পের জন্য ৪,১১১ কোটি টাকার তহবিল বরাদ্দ রয়েছে। এর মূল লক্ষ্য হল মহিলা উদ্যোগপতি এবং তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) সম্প্রদায়ের উদ্যোগপতিদের প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ করা।

কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?

মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি ঘোষণা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রথমত, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরতে নতুন ‘যুগে যুগে ভারত ন্যাশনাল মিউজিয়াম’ তৈরি করা হবে। এটি বিশ্বের বৃহত্তম জাদুঘর হবে। দ্বিতীয়ত, নয়ডা থেকে গ্রেটার নয়ডা পর্যন্ত মেট্রো রেল প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয়ত, রবি মরশুমে কৃষকদের জন্য ৬২,৩৭০ কোটি টাকার সার ভর্তুকি অনুমোদন করা হয়েছে।

এই সিদ্ধান্তগুলির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা উদ্যোগপতি, SC ও ST সম্প্রদায়ের উদ্যোগপতি এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দেশের পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।