Tuesday, November 10, 2026
Latestদেশ

মহারাষ্ট্রের দিঘি বন্দরে তৈরি হবে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা, বিনিয়োগ ২৬,৫০০ কোটি টাকা, কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠতে চলেছে মহারাষ্ট্রের রায়গড় জেলার দিঘি বন্দরে। এই প্রকল্পে বিনিয়োগ করা হবে ২৬,৫০০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।

সোমবার মহারাষ্ট্রের মৎস্য ও বন্দর উন্নয়নমন্ত্রী নীতেশ রানে জানান, এই প্রকল্পের জন্য মাজাগাঁও ডক শিপবিল্ডার্স (MDL), কেন্দ্রীয় সরকার এবং মহারাষ্ট্র সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি চূড়ান্ত হয়েছে।

দিঘি বন্দরে একটি বিশেষ গ্রিনফিল্ড জাহাজ নির্মাণ ক্লাস্টারের অংশ হিসেবে এই কারখানা গড়ে তোলা হবে। ২০২৬ সালের ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত ‘মেরিটাইম ইন্ডিয়া কনফারেন্স অ্যান্ড এক্সপো’-র উদ্বোধনী অধিবেশনে এই প্রকল্পের কথা ঘোষণা করেন নীতেশ রানে। তিনি জানান, সামুদ্রিক পরিবহণ এবং বন্দরকেন্দ্রিক পরিকাঠামোর উন্নয়নে মহারাষ্ট্র সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ এই উদ্যোগ।

তিনি আরও জানান, বিনিয়োগকারীদের সুবিধার্থে মহারাষ্ট্র সরকার শীঘ্রই একটি পূর্ণাঙ্গ সামুদ্রিক উন্নয়ন নীতি (Maritime Development Policy) চালু করবে। এর আওতায় সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। গত বছর ইন্ডিয়া মেরিটাইম সামিটে রাজ্য সরকারের স্বাক্ষরিত প্রতিটি সমঝোতাপত্র (MoU) পরবর্তীকালে বিনিয়োগে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি।

নীতেশ রানে জানান, সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত এবং জাহাজ ভাঙার শিল্পের জন্য নীতি চালু করা হয়েছিল। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের প্রক্রিয়া সহজ করা, প্রকল্প বাস্তবায়নের সময় কমানো এবং জমি অধিগ্রহণের সুবিধা নিশ্চিত করাই এই পদক্ষেপগুলির মূল লক্ষ্য। দিঘি বন্দরের এই প্রকল্প ভারতের সামুদ্রিক উৎপাদন ও পণ্য পরিবহণ ব্যবস্থায় মহারাষ্ট্রের ভূমিকা আরও শক্তিশালী করবে।

অন্যদিকে, FICCI-র ভাবী সভাপতি তথা সানমার গ্রুপের চেয়ারম্যান বিজয় শঙ্কর জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রধান বন্দরগুলিতে রেকর্ড ৯১৫ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ৭ শতাংশ বেশি। জাহাজ নির্মাণ ও সামুদ্রিক ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ রাজ্যগুলির সামনে বড় সুযোগ তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমন্বিত পরিকাঠামো গড়ে তোলা, নীতিগত সহায়তার মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য থেকে আরও বেশি মূল্য সংযোজন নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ভারতীয় জাহাজে আরও বেশি ভারতীয় পণ্য পরিবহণের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের সহযোগী দেশ নেদারল্যান্ডসও পরিবেশবান্ধব ও ডিজিটাল সামুদ্রিক পরিকাঠামো গড়ে তুলতে ভারতের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। মুম্বইয়ের নেদারল্যান্ডস কনস্যুলেটের কনসাল ও ডেপুটি হেড অফ মিশন থিয়েরি ভ্যান হেলডেন জানান, ভারত-নেদারল্যান্ডস গ্রিন অ্যান্ড ডিজিটাল সি করিডর প্রকল্পকে বাস্তবায়িত করতে বাণিজ্যিকভাবে লাভজনক উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডসের একটি জাহাজ নির্মাণ সংক্রান্ত প্রতিনিধি দল ভারত সফরে আসবে।