এবার রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পালাবদলের পর পশ্চিমবঙ্গে চতুর্থ এনকাউন্টার। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে বাংলা-বিহার সীমান্তবর্তী পাড়ারপুকুর এলাকায় অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হয় দিলীপ। পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার প্রতিবেশী ১২ বছরের নাবালিকাকে কুলিক নদী দেখানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যায় দিলীপ রায়। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, জঙ্গলের মধ্যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে দিলীপ রায়ের নাম উঠে আসে। জানা যায়, সে সম্পর্কে ওই নাবালিকার জেঠু।
ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, বাংলা-বিহার সীমান্ত দিয়ে পালিয়ে বিহারের তারাপুরে যাওয়ার পরিকল্পনা করেছিল দিলীপ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত প্রায় ২টো নাগাদ রায়গঞ্জের গৌরি পঞ্চায়েতের পাড়ারপুকুর বাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পুলিশ তাকে ঘিরে ফেলতেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়ির চাকাও লক্ষ্য করে একাধিক গুলি চালায় সে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় অভিযুক্ত।
জানা গিয়েছে, দিলীপ রায়ের বাড়ি রায়গঞ্জের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার আদি বাড়ি ঝাড়খণ্ডে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে অপরাধ দমনে পুলিশের সাম্প্রতিক অভিযানের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে। এর আগে বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল, সামশেরগঞ্জের খুনের ঘটনায় অভিযুক্ত সামাউল হক এবং উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হয়েছিল বলে জানা গিয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল রায়গঞ্জের দিলীপ রায়ের নাম। সব মিলিয়ে পালাবদলের পর রাজ্যে পরপর চারটি এনকাউন্টারের ঘটনা সামনে এল।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর রায়গঞ্জের জনসভা থেকে নারী নির্যাতন ও অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ‘মহিলাদের উপর অত্যাচার বা ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।’ তাঁর সেই হুঁশিয়ারির ১১ দিনের মাথায় রায়গঞ্জে পুলিশের অভিযানে অভিযুক্তের মৃত্যুর ঘটনা নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

