Wednesday, November 11, 2026
Latestদেশ

গুরুগ্রামে গ্রেফতার ১৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হলো ডিটেনশন সেন্টারে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুরুগ্রামে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। গুরুগ্রামের বজঘেরা থানা এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকলকে মানেসরের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা এই ১৫ জন মানবপাচারকারীদের সাহায্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। দালালদের মাধ্যমে তারা পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকেন বলে অভিযোগ। সীমান্ত পার হওয়ার জন্য কোথাও জলপথ ব্যবহার করা হয়েছে, কোথাও কাঁটাতারের বেড়া টপকে প্রবেশ করা হয়েছে। আবার কোথাও ভূগর্ভস্থ পাইপের মধ্য দিয়েও সীমান্ত পার হওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রবেশের পর দালালদের সাহায্যে গোপনে গুরুগ্রামে পৌঁছন তারা। এরপর বজঘেরা এলাকায় গোপন আস্তানা তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন।

পুলিশ তাদের ঘিরে ধরে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দেখতে চাইলে তারা কোনও বৈধ নথি দেখাতে পারেননি। তল্লাশিতেতাঁদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র, নাগরিকত্ব সংক্রান্ত নথি এবং সন্দেহজনক কাগজপত্র উদ্ধার হয়েছে। ভারতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা সরকারি অনুমতিপত্রও তাদের কাছে ছিল না বলে দাবি পুলিশের।

এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১৫ জনকেই মানেসরের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বিদেশি নাগরিক আইন (Foreigners Act) এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে।

পুলিশ আধিকারিকদের বক্তব্য, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না। গুরুগ্রাম এবং আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করা, পরিচয়পত্র যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বহিষ্কারের প্রক্রিয়া আগামী দিনেও জোরদারভাবে চালানো হবে।