জম্মু-কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা, আহত ২ নিরাপত্তাকর্মী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) একটি চেকপোস্টে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় জঙ্গিরা নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছেন আধিকারিকরা।
কুলগাম জেলার মীর বাজারের কাছে আখরান এলাকায় দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। সিআরপিএফের বিবৃতি অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুষ্কৃতীরা একটি নাকা (চেকপোস্টে) কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত দুই জওয়ানকে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের দৃশ্যে আহত জওয়ানদের স্ট্রেচারে করে নিয়ে যেতে এবং চিকিৎসাকর্মীদের দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে দেখা যায়।
হামলার পরপরই ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়। অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে এবং সাঁজোয়া গাড়িতে করে নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে। অ্যাম্বুল্যান্সের সাইরেনের পাশাপাশি মাইকে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়।
জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
উল্লেখ্য, হামলার সময় জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও কুলগামে উপস্থিত ছিলেন। তবে তিনি হামলাস্থলের কাছাকাছি ছিলেন না।
প্রসঙ্গত, গত মাসে ছত্তিশগড়ের সুকমা জেলার আলারমেডগু ক্যাম্পে অবিস্ফোরিত বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি বিস্ফোরণে চারজন সিআরপিএফ আধিকারিক আহত হয়েছিলেন।

