Wednesday, November 11, 2026
Latestদেশ

ত্রিপুরায় পুরসভা ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৭টি আসনে জয়ী বিজেপি, বাকি আসনগুলিতে ভোট ২৭ নভেম্বর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ত্রিপুরার পাঁচটি পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৭টি আসনে জয়লাভ করল বিজেপি। আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুরসভা ও নগর সংস্থার মোট ৩৪৫টি আসনে নির্বাচন হওয়ার কথা। মনোনয়নপত্র জমা ও যাচাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ৭৭টি আসনে বিজেপির জয় নিশ্চিত হয়েছে বলে বুধবার এক সরকারি আধিকারিক জানিয়েছেন।

গত ৭ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হয়। এর পর বাকি ২৬৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনগুলিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, সিপিআই(এম) এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী জানিয়েছেন, ২৬৮টি আসনে মোট ৮১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিজেপির প্রার্থী ৩৪২ জন, সিপিআই(এম)-এর ২১৮ জন এবং কংগ্রেসের ২০১ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোহনপুর, কমলপুর, জিরানিয়া, রানিরবাজার এবং শান্তিরবাজার—এই পাঁচটি পুরসভায় মোট ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।

অন্যদিকে, মনোনয়ন প্রত্যাহারে জোরজবরদস্তির অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, ধলাই জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আমবাসা বা ধলাই জেলার অন্য কোথাও জোর করে মনোনয়ন প্রত্যাহারের ঘটনা ঘটেনি।

তবে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন, মঙ্গলবার হুমকি, ভয় দেখানো এবং প্রার্থীদের বাড়িতে হামলার কারণে আমবাসায় দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।