Tuesday, May 26, 2026
কলকাতা

দিলীপ ঘোষের মন্তব্যকে একেবারেই পাত্তা দিতে নারাজ তথাগত রায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনি ও রবিবার বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তার আগে প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় এবং দিলীপ ঘোষের মধ্যে সংঘাত চরমে উঠলো। রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার পরে টুইট করেছিলেন দিলীপ ঘোষ। পাল্টা রিটুইট করে জবাব দিয়েছিলেন তথাগত রায়।

শনিবার সকালে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। সেখানে তাঁকে তথাগত রায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ তথাগত দলে থেকে দলেরই ক্ষতি করছেন। কোনওদিনই দলের জন্য তিনি কিছু করেননি। দল তাঁকে অনেক কিছুই দিয়েছে। উনি বারবার টুইটে বুঝিয়ে বলেছেন, রাজ্য নেতৃত্বের দুর্দশা দেখে তিনি লজ্জিত।’

তথাগত রায়ের লজ্জা পাওয়ার সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ‘লজ্জা লাগলে দল ছেড়ে চলে যান।’ দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন তথাগত রায়। টুইটে তিনি লিখেছেন, ”আজকে বহু চ্যানেল ও পোর্টাল এসে এই মন্তব্য নিয়ে আমাকে জ্বালিয়ে খেয়েছে। সকলকে একই উত্তর দিয়েছি। তা হল, এর জবাব দিলীপ ঘোS বুঝতে পারবেন না, তাই পন্ডশ্রম করে লাভ নেই। এই মন্তব্যকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বিজেপিতে দলবদলুদের নেওয়া সুর চড়িয়েছিলেন তথাগত রায়। বিজেপির শোচনীয় পরাজয়ের জন্য দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করেন তিনি। দিলীপ ঘোষের ভাষাবোধ এবং যোগ্যতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।