Tuesday, May 26, 2026
দেশ

দেশ ১০ বছরের নজির ভেঙে এবারের দীপাবলিতে রেকর্ড টাকার ব্যবসা করল ভারতীয় ব্যবসায়ীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। গোটা দেশ আলোর উৎসবে মাতোয়ারা। এবারের দীপাবলিতে রেকর্ড টাকার ব্যবসা (Diwali festive sale) করল ভারতীয় ব্যবসায়ীরা। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) জানিয়েছে, এবছর দীপাবলিতে ব্যবসা হয়েছে ১.২৫ লাখ কোটি টাকার। যা ভেঙে দিয়েছে গত ১০ বছরের রেকর্ড।

ধারণা করা হয়েছিল এবছর ১ লাখ কোটি টাকার ব্যবসা হতে পারে। কিন্তু ধারণার চাইতেও বেশি টাকার ব্যবসা হল। এত পরিমাণ বিক্রিতে খুশির হাওয়া বইছে ব্যবসায়ীদের মধ্যে। CAIT এর প্রত্যাশা, বছর শেষে ব্যবসার পরিমাণ ৩ লাখ কোটি টাকা ছাপিয়ে যেতে পারে। সেটা হলে নতুন নজির স্থাপিত হবে।

CAIT জানিয়েছে, দেশবাসীর মধ্যে চীনা পণ্য বয়কটের হিড়িক পড়ায় চিনের লোকসান হয়েছে ৫০ হাজার কোটি টাকা। অন্যদিকে, দেশবাসীর মধ্যে ভারতে তৈরি পণ্য কেনার উৎসাহ বেড়েছে। এবছর দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে মাটির প্রদীপ, কাগজের লণ্ঠন, মোমবাতি। এর ফলে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভের মুখ দেখেছেন। এছাড়া ঘর সাজানোর সরঞ্জাম, মিষ্টি, কাপড়, জুতো, ঘড়ি, খেলনা প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। সোনা-রুপোর গয়না বিক্রি হয়েছে ৯ হাজার কোটি টাকার।

CAIT জানিয়েছে, এবছর চিনা আতশবাজি ও দীপাবলীর বিভিন্ন সরঞ্জাম চীন থেকে আমদানি করেনি ভারতীয় ব্যবসায়ীরা। ভারতীয় সরঞ্জাম এবং আতশবাজি ব্যবহার করে দীপাবলি উদযাপন করা হয়েছে। যা এক কথায় নজিরবিহীন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।