Sunday, April 19, 2026
খেলা

টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়লো ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2021) থেকে বাদ পড়ল টিম ইন্ডিয়া। রবিবার নিউজিল্যান্ড বিরুদ্ধে হেরে গেল আফগানিস্তান। হিসেব অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান জিতলে তবেই সেমিফাইনাল খেলতে পারতো ভারত। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে খুব সহজেই জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। এর ফলে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে পৌঁছে গেল কিইউরা।

এদিন গোটা ভারত আফগানিস্তানকে সমর্থন করছিল। কিন্তু ম্যাচে জিততে পারল না আফগানরা। এদিন টসে জিতে প্রথমেই ব্যাট নেয় তাঁরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

৮ উইকেটে ম্যাচ জিতে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বিরাট কোহলির ভারত। প্রথমে পরপর দুটি ম্যাচ- পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরে চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল ভারতের। বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেলেও নামিবিয়ার বিরুদ্ধে নিয়ম-রক্ষার ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।