Tuesday, April 14, 2026
Latestদেশ

Yashoda and Krishna: ১৬৭ কোটি টাকায় বিক্রি হলো ‘যশোদা ও কৃষ্ণ’ পেইন্টিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় চিত্রকলার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন উনবিংশ শতাব্দীর কিংবদন্তি শিল্পী রাজা রবি বর্মা (Raja Ravi Varma)। মুম্বইয়ে স্যাফরন আর্টের (Saffronart Art)আয়োজিত এক নিলামে তাঁর বিখ্যাত তৈলচিত্র ‘যশোদা ও কৃষ্ণ’ বিক্রি হল রেকর্ড ১৭.৯ মিলিয়ন ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৭ কোটি ২ লাখ টাকা। এই বিরল শিল্পকর্মটি কিনেছেন শিল্পপতি সাইরাস এস পুনাওয়ালা (Cyrus S. Poonawalla)।

প্রত্যাশা ছাপিয়ে নয়া নজির

নিলামের আগে অনুমান করা হয়েছিল, ছবিটির দাম ৮০ থেকে ১২০ কোটির মধ্যে থাকতে পারে। কিন্তু সব পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়ে এটি পৌঁছে যায় ১৬৭ কোটিতে। যা ভারতীয় আধুনিক শিল্পের নিলামে সর্বোচ্চ মূল্য হিসেবে ইতিহাসে জায়গা করে নিল।

এর ফলে ভেঙে গেল আগের রেকর্ড, যা ছিল এম.এফ. হুসেনের (M. F. Husain) ‘গ্রাম যাত্রা’ ছবির (প্রায় ১১৮ কোটি টাকা)।

কেন এত মূল্যবান ‘যশোদা ও কৃষ্ণ’?

এই ছবিটি আঁকা হয়েছিল উনবিংশ শতাব্দীর শেষ দিকে, যখন রবি বর্মার শিল্পচর্চা ছিল শিখরে।

ছবিতে দেখা যায়, মা যশোদা গাভী দোহন করছেন। ছোট কৃষ্ণ পেছন থেকে দুধ ধরার চেষ্টা করছে। এই সহজ অথচ গভীর মুহূর্তে ফুটে উঠেছে, মাতৃত্বের স্নেহ, শৈশবের নিষ্পাপতা, ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগ।

রবি বর্মার ইউরোপীয় বাস্তববাদী শৈলী ও ভারতীয় পুরাণের সংমিশ্রণ এই ছবিটিকে করেছে অনন্য।

ক্রেতার প্রতিক্রিয়া

চিত্রটি কেনার পর সাইরাস এস পুনাওয়ালা জানান, ‘এই ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষণের সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।’পাশাপাশি, সাধারণ মানুষ যেন ছবিটি দেখতে পারেন, সেই ব্যবস্থাও করার আশ্বাস দিয়েছেন তিনি।

কিংবদন্তি শিল্পীর অবদান

১৮৪৮ সালে ত্রিবাঙ্কুরে জন্মগ্রহণ করেন রাজা রবি বর্মা। খুব অল্প বয়স থেকেই তাঁর প্রতিভা নজর কাড়ে।

তার উল্লেখযোগ্য অবদান, ভারতীয় পুরাণকে ইউরোপীয় বাস্তবধর্মী শৈলীতে উপস্থাপন। তেলরঙের জনপ্রিয়তা বৃদ্ধি। ১৮৯৪ সালে লিথোগ্রাফিক প্রেস স্থাপন করে সাধারণ মানুষের কাছে শিল্প পৌঁছে দেওয়া

ভারতীয় শিল্পের বৈশ্বিক গুরুত্ব ও চাহিদা

এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও রবি বর্মার শিল্প আজও সমান প্রাসঙ্গিক। ‘যশোদা ও কৃষ্ণ’-এর এই রেকর্ড বিক্রি শুধু একটি নিলামের ঘটনা নয়, এটি ভারতীয় শিল্পের বৈশ্বিক গুরুত্ব ও চাহিদার এক শক্তিশালী প্রমাণ।