Saturday, June 6, 2026
রাজ্য​

নিষেধাজ্ঞা উপেক্ষা করে SFI এর উদ্যোগে গুজরাট দাঙ্গার তথ্যচিত্র দেখানো হবে প্রেসিডেন্সিতে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেরল, হায়দ্রাবাদ, জেএনইউ-এর পর এবার কলকাতার প্রেসিডেন্সি। ২০০২ গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির ডকুমেন্টারি ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চনের (India : The Modi Question) সম্প্রচার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তবে বাম সংগঠনগুলো সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্ক্রিনিং করে চলেছে। মঙ্গলবার জেএনইউতে (JNU) বিবিসির ডকুমেন্টারি দেখানো হয়েছে। যদিও প্রশাসন স্ক্রিনিং বন্ধ করার জন্য বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর পাথর ছুড়ে তারা বিক্ষোভ দেখান।

ফ্রাটারনিটি মুভমেন্ট, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল শনিবার ডকুমেন্টারিটির প্রথম পর্বের একটি বিশেষ স্ক্রিনিং করেছে। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (SFI) উদ্যোগে ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চন দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এসএফআই বলেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেখানে ডকুমেন্টারিটি একটি বড় পর্দায় দেখানোর কথা বলা হয়েছে। এসএফআই প্রেসিডেন্সি কলেজ ইউনিট ঠিক করেছে ২৭ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে দেখানো হবে ইন্ডিয়া : দ্য মোদি কোয়শ্চেন। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সেই অনুরোধে সাড়া দেয়নি।

উল্লেখ্য, বিবিসির ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ ২০০২ গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা তুলে ধরে হয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর পাশাপাশি ডানপন্থী সংগঠন – বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ইতিমধ্যেই তথ্যচিত্রটি বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে।