Tuesday, October 27, 2026
Latestদেশ

২০১৮ সালে অমিত শাহকে নিয়ে মন্তব্যের মানহানির মামলায় রাহুল গান্ধীকে নির্দোষ ঘোষণা করলো উত্তরপ্রদেশের আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০১৮ সালে তৎকালীন বিজেপি সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নির্দোষ ঘোষণা করলো উত্তরপ্রদেশের সুলতানপুরের আদালত।

রায় ঘোষণার সময় সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে সশরীরে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। আদালত জানিয়েছে, ‘রাহুল গান্ধীর মন্তব্য মানহানিকর ছিল না।’

উল্লেখ্য, ২০১৮ সালে বেঙ্গালুরুতে একটি জনসভায় অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের পর তৎকালীন বিজেপির জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন ধরে চলা সেই মামলাতেই এবার রাহুল গান্ধীকে নির্দোষ ঘোষণা করল আদালত।