Saturday, April 18, 2026
দেশ

মাঝরাতে মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, বিতর্কিত টুইট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট কিছুক্ষণের জন্য হ্যাকারদের দখলে চলে গিয়েছিল। তবে সঙ্গে সঙ্গে তার সমাধান করা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিল। সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হয় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। এরপর সমস্যার সমাধান হয়। টুইট করে প্রধানমন্ত্রীর দপ্তর এমনটাই জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টটি অল্প কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি ফের সুরক্ষিত করা হয়েছে। ওই সময়ে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে কোন বার্তা দেওয়া হলে সেটাকে এড়িয়ে যাবেন।

কি লিখেছিল হ্যাকাররা?

জানা গেছে, শনিবার রাত ২ টা ১১ মিনিটে মোদীর টুইটার থেকে বিটকয়েন সম্পর্কিত একটি টুইট করা হয়। ওই টুইটে লেখা হয়েছিল, ভারতে বৈধতা পেল বিটকয়েন। ভারত সরকার ৫০০টি বিটকয়েন কিনছে এবং সেগুলি দেশের জনগণের মধ্যে ফ্রিতে বিতরণ করছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইটার অ্যাকাউন্টে ৭৩.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। হ্যাক হওয়ার পরে হ্যাকারদের করা ওই টুইটটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া শোরগোল পড়ে যায় বিষয়টি নিয়ে। বিষয়টি নিয়ে মোদী সরকারকে বিঁধছে কংগ্রেস।

যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ভি বি শ্রীনিবাসের কটাক্ষ, ‘সুপ্রভাবত মোদীজি, সব ঠিক আছে তো?’

নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়া হয়েছে টুইটারের তরফ থেকে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।