আবাস যোজনায় ‘সীমাহীন দুর্নীতি’, রিপোর্ট চাইল হাইকোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আবাস যোজনা নিয়ে রিপোর্ট তলব করল আদালত। কেন্দ্রীয় এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। এর পরে আদালতের দ্বারস্থ হয় পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা। আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। শুনানিতে উভয় পক্ষের কাছে রিপোর্ট চেয়েছে আদালত।
গত ২২ ডিসেম্বর আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন বিবেক রাঙা। অভিযোগ জানিয়েছিলেন, আবাস যোজনায় বন্টন ঠিকমতো ভাবে হয়নি। যারা যোগ্য অর্থাৎ দরিদ্র তাদের নাম নেই তালিকায়। যাদের ঘরবাড়ি রয়েছে, তারাই অধিকাংশ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাই পুনরায় স্বচ্ছতার সঙ্গে আবাস যোজনার জন্য বরাদ্দ অর্থ বণ্টন করা হোক।
হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এদিন শুনানি হয়। আদালতের তরফে উভয় পক্ষের কাছে রিপোর্ট তলব করা হয়। আগামী ১৬ জানুয়ারি ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে যে কটি জেলায় আবাস যোজনার কাজে গতি নেই, তার মধ্যে অন্যতম হলো পুরুলিয়া। নবান্নে এই সংক্রান্ত বৈঠকে মুখ্যসচিব পুরুলিয়া জেলার উপর ক্ষুব্ধ হন। এরপরেই বিষয়টি নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা।

