পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে: পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইতিমধ্যেই পাকিস্তান দেউলিয়া হয়ে গিয়েছে। এই সংকটের জন্য সংস্থা, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদদের দায়ী করেছেন তিনি।
খোয়াজা মহম্মদ আসিফ বলেন, ‘আপনারা জানেন পাকিস্তানে চরম আর্থিক সংকট চলছে। দেশ নাকি দেউলিয়া হয়ে যেতে পারে। দেশ দেউলিয়া হয়ে যাবে নয়, দেউলিয়া হয়ে গিয়েছে।’
শিয়ালকোটে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিজের পায়ে দাঁড়ানো পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই রয়েছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।”
তিনি বলেন, পাকিস্তানে আইন ও সংবিধান মানা না, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদ এই সমস্যার জন্য দায়ী।
প্রাক্তন সরকারকে কটাক্ষ করে, জনাব আসিফ বলেন, আড়াই বছর আগে সন্ত্রাসীদের পাকিস্তানে আশ্রয় দেওয়া হয়েছিল। যার ফলে শেষ পর্যন্ত সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে।
শুক্রবার করাচিতে পুলিশ অফিসে হামলার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, নিরাপত্তা সংস্থা সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবেলা করেছে।
বর্তমানে পাকিস্তান চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে কয়েক দশকের মধ্যে উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমাগত ঋণ পরিশোধের বাধ্যবাধকতার কারণে ক্রমাগতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে।
পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ বিলিয়ন ডলারের সামান্য বেশি। যা দিয়ে ১০-১৫ দিনের আমদানি খরচ মেটানো যাবে।

