Ashok Raj Sigdel : দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালে জেন-জিদের বিক্ষোভের মুখে দেশটির সরকারের পতন হয়েছে। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল নেপালের জনগণকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি একটি ভিডিও বার্তায় বিক্ষোভ চলাকালীন সময়ে জনসাধারণের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতি সংযমের মাধ্যমে মোকাবিলার পরামর্শ দিয়েছেন।
নেপাল সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘নেপাল সেনাবাহিনী সব সময় দেশের ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনী প্রাণ ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালন করছে।’
সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল তাঁর বক্তব্যে জনগণকে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সংকট মুহূর্তে সংযম ও দায়িত্বশীল আচরণে এগিয়ে আসলে দেশ দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে।’
সেনাপ্রধান পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা গ্রহণের পাশাপাশি জনগণকে মানসিক শান্তি ও সহনশীলতা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেছেন।
নেপাল সেনাবাহিনী এই পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকেও সংযম ও শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


